ডেমোক্র্যাটরা সঠিক আইনে রাজি হলে এ মৃত্যু হতো না :ট্রাম্প

যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে অভিবাসনপ্রত্যাশী বাবা ও কন্যাশিশুর মৃত্যুতে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বইছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অভিবাসীদের দুর্দশার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করা হচ্ছে। কিন্তু এ সবে পাত্তা না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সঠিক আইন করতে ডেমোক্র্যাটরা রাজি হলে অভিবাসীদের জীবন বাঁচত। এদিকে বাবা ও মেয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। খবর:ইউএসএ টুডে।

গত রবিবার মেক্সিকো সীমান্তের কাছে নদী পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে মৃত্যু হয় এল সালভেদরের নাগরিক অস্কার আলবের্তো মার্টিনেজ ও তার ২৩ মাস বয়সি মেয়ে অ্যাঞ্জি ভ্যালেরিয়ার। এ ঘটনার পর এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, দক্ষিণ সীমান্তে জীবন বাঁচাতে আশ্রয় আইনের ত্রুটি ঠিক করা উচিত ডেমোক্র্যাটদের। তারা (ডেমোক্র্যাটরা) বলেছিল সীমান্তে কোনো সংকট নেই। কিন্তু এখন তারা স্বীকার করছে আমি ঠিক। এখন তাদের উচিত আইনের সমস্যার সমাধান করা। এদিকে পোপ ফ্রান্সিস কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ ও দুর্দশা থেকে পালিয়ে বাঁচতে গিয়ে যেই অভিবাসী প্রাণ হারিয়েছে তাদের সবার জন্য প্রার্থনা করেছেন পোপ। উল্লেখ্য, গত বছর মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে ২৮৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়।