এরশাদ শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন জ্বর কমেছে

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। বুধবার সকালে হাসপাতালে নেওয়ার পর ক্রিটিক্যাল ইউনিটে কৃত্রিম উপায়ে অক্সিজেন দিয়ে রাখা হলেও গতকাল বৃহস্পতিবার সকালেই সেটি খুলে নেওয়া হয়েছে। এখন তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন। মঙ্গলবার বিকাল থেকে দফায়-দফায় কাঁপুনি দিয়ে প্রচণ্ড জ্বর আসলেও গতকাল আর জ্বর আসেনি।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে সিএমএইচে এরশাদকে দেখে আসার পর তার ছোট ভাই ও জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের জানান, জাপা চেয়ারম্যান সুস্থ হয়ে উঠছেন। তিনি এরশাদের সঙ্গে কথা বলেছেন। এসময় এরশাদ চোখ মেলেছেন, মৃদুস্বরে দু’-একটি কথাও বলেছেন,      এছাড়া চিকিত্সকদের প্রশ্নে সাড়াও দিচ্ছেন। সিএমএইচে এরশাদের চলমান চিকিত্সায় সন্তোষ প্রকাশ করে জিএম কাদের বলেন, চিকিত্সকরা নিরলসভাবে চেষ্টা করছেন। চিকিত্সকরা জানিয়েছেন, চিকিত্সার জন্য এই মুহূর্তে তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই।

জিএম কাদের ছাড়াও গতকাল হাসপাতালে এরশাদকে দেখতে গেছেন তার স্ত্রী ও জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, ছেলে সাদ এরশাদ, জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। তারাও এরশাদের সঙ্গে দু’-একটা কথা বলেছেন। এসময় স্বামীর সুস্থতার জন্য রওশন এরশাদ দেশবাসীর কাছে দোয়া চান। এছাড়াও গতকাল এরশাদকে দেখতে গেছেন জাপার সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার ও শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আক্তার এমপি, যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় ও মনিরুল ইসলাম মিলন প্রমুখ।

এর আগে গতকাল সকালে রাজধানীর মতিঝিলে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জাপার খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে জিএম কাদের সিএমএইচের চিকিত্সকদের বরাত দিয়ে বলেন, এরশাদের শারীরিক অবস্থার ২৫ শতাংশ উন্নতি হয়েছে, তবে চিকিত্সকরা বলেছেন, তিনি এখনও শঙ্কামুক্ত নন। সংক্রমণ যেন না বাড়ে সেজন্য তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে। তার সুস্থ হতে একটু সময় লাগবে বলেও জানান এরশাদের সহোদর।