নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রকাশ্যে দিবালোকে শিশু সন্তানের সামনে রাসেল ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তার এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সন্ত্রাসীরা অস্ত্র হাতে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চাইনিজ রেস্টুরেন্টের ম্যানেজার আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক ভূঁইয়ার বড় ছেলে ব্যবসায়ী রাসেল ভূঁইয়া তার পাঁচ বছরের মেয়ে রাইসা ও চার বছর বয়সী ভাতিজা সানজিদকে নিয়ে গতকাল দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আইয়ুব প্লাজায় অবস্থিত এনএফসি চাইনিজ রেস্টুরেন্টে খেতে যান। এসময় আগে থেকে ওত পেতে থাকা স্থানীয় ১০/১২জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। পরে তারা রাসেলকে তার শিশু সন্তানের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে কোপাতে থাকে। আতঙ্কে আশপাশের লোকজন সরে যায়। এসময় রাসেল চিত্কার করলে হামলাকারীরা পালিয়ে যায়।
রাসেল ভূঁইয়ার পিতা সিরাজুল হক ভূঁইয়া জানান, সম্প্রতি সন্ত্রাসী বিশাল, রাসেল ও আরাফাত আমার ছেলের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আহত রাসেলের ছোট ভাই সুমন জানান, আমার বড় ভাই এনএফসি চাইনিজ রেস্টুরেন্টে খেতে গেলে স্থানীয় সন্ত্রাসী বিশাল, আরাফাত, সিফাত, রাসেল, ইমরান, বাবু, রূপচাঁন, কমল হক, সানিসহ ১০/১২ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপর হামলা চালায়।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, প্রাথমিকভাবে রেস্টুরেন্টের ম্যানেজার আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।