নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংরক্ষিত ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা মামলায় সাদ্দাম হোসেন নামে একজনকে গতকাল বৃহস্পতিবার ভোরে চনপাড়া বস্তি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দাম গতকাল বিকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে চনপাড়া বস্তি এলাকার এনায়েত হোসেনের ছেলে।
গতকাল বিকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, আদালতে সাদ্দাম বলেছে, দুই বছর আগে এলাকায় বাবুল স্টোর নাম দেওয়া একটি দোকান বসানোকে কেন্দ্র করে কুট্টি মেম্বারের সঙ্গে সাদ্দামের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে ঐ দোকান ভেঙে দেন কুট্টি মেম্বার। এরপর থেকেই কুট্টির ওপর ক্ষুব্ধ ছিল সাদ্দাম। এছাড়া এলাকায় মাদক ও আধিপত্য বিস্তারসহ দোকান ইস্যুতে প্রতিশোধের কারণেই গত বুধবার ভোরে সাদ্দামসহ কয়েকজন মিলে ঐ হত্যাকাণ্ড ঘটায়।
বুধবার রাতেই বিউটির মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ আরো ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের পর বিউটি আক্তার কুট্টির জানাজাশেষে তাকে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান প্রমুখ।