সংসদে বাজেট আলোচনা সংসদকে অবৈধ বলায় স্পিকারের রুলিং দাবি

সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে বসেই সংসদকে অবৈধ বলার মতো বিএনপি এমপিদের অসাংবিধানিক ও অনৈতিক বক্তব্যের বিরুদ্ধে স্পিকারের রুলিং দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানিয়ে বলেন, বাস্তবে বিএনপির অবস্থা হচ্ছে—‘সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি’ প্রবাদের মতো। একই সঙ্গে তারা প্রস্তাবিত বাজেট উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে—দাবি করে বাজেট বাস্তবায়নে দেশবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে মাঝে সোয়া এক ঘণ্টার বিরতি শেষে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্থানীয় সরকার ও পল্ল­ী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সরকারি দলের মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘গত ১০ বছরে অর্থনীতির ক্ষেত্রে কোনো বিপর্যয় ঘটেনি। সামষ্টিক অর্থনীতির প্রতিটি ইনডেক্সে আমাদের সাফল্যের স্বাক্ষর, যা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে।’ বিএনপির সদস্যরা সংসদকে অবৈধ বলে, তাহলে তাঁরা সংসদে কেন আসেন—এই প্রশ্ন তুলে এ ব্যাপারে স্পিকারের রুলিং দাবি করে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা কেউ জনগণের ভোটে নাকি নির্বাচিত হইনি! সংসদকে ওনারা যদি অবৈধ মনে করেন তাহলে তারা এই সংসদে কেন আসেন, শপথ নিলেন কেন, সংসদে আসলেন কেন? আমি স্পিকারকে বলব, এ ব্যাপারে আপনি সুস্পষ্ট রুলিং দিন।’ সঞ্চয়পত্রে উেস কর বাড়ানো উচিত হবে না বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপির আমলে সরকারের পরিবর্তে হাওয়া ভবন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হয়। তাদের দুর্বৃত্তায়নের কারণে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বিরোধী দলের প্রধান হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘বিএনপি আমলে আমি সংসদ সদস্য থাকাকালে আমার ছেলেকে অপহরণ করা হয়। তার বিচার পাইনি।’ বিনা বিচারে খালেদা জিয়ার সঙ্গে একটি মেয়েকে কারাগারে রাখার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান।

‘মিল্ক ভিটায় কোনো আর্সেনিক নেই’

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘ইউরোপ থেকে যে গুঁড়ো দুধ আমদানি করা হয়, তার থেকে আমাদের দেশের মিল্ক ভিটা অনেক পুষ্টিযুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি বিভাগ পরীক্ষা করে নাকি বলেছে মিল্ক ভিটায় আর্সেনিক আছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু আমাদের নিজস্ব ল্যাবরেটরিতে আমরা পরীক্ষা করে দেখেছি, মিল্ক ভিটায় কোনো আর্সেনিক নেই।’ জাতীয় পার্টির (জাপা) মুজিবুল হক চুন্নু বলেন, ধানের বাম্পার হলেও কৃষকরা ন্যায্যমূল্য পর্যন্ত পাচ্ছে না। পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন, পুলিশ বাহিনী সৃষ্টি ১৮৬১ সালে। এই দেড় শ বছরে আইনে কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি। পুলিশ নিয়োগে, পদায়নে ও পেশাদারিত্বে স্বচ্ছতা আনতে পারলে পুলিশ আস্থার প্রতীক হবে। ঐ আইনে কোথাও সেবার কথা নেই। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের শপথ না নেওয়ার নেপথ্যের কারণ তুলে ধরে সরকারি দলের সদস্য মকবুল হোসনে বলেন, মাথা (খালেদা জিয়া) জেলে, লেজ (তারেক রহমান) পলাতক, তাহলে ফখরুল শপথ নিয়ে সংসদে এসে যদি মনে করেন তিনিই বিএনপির সম্রাট, সেই ভয়েই তাঁকে শপথ নিতে দেওয়া হয়নি।