সাভার ও আশুলিয়া থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি বাসস্ট্যান্ডের পাশের নিচু জায়গা থেকে বস্তাবন্দি অজ্ঞাত (২৬) নারীর অর্ধগলিত লাশ এবং আশুলিয়ার পল্লীবিদ্যুত্ এলাকার ডেন্ডাবর মহল্লা থেকে ফিরোজা আক্তার (২৪) নামের অপর এক নারীর লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
সাভার মডেল থানার এসআই সুজন বিশ্বাস বলেন, গতকাল সন্ধ্যার দিকে স্থানীয়রা সড়কের পাশের খাদে বস্তাবন্দি একটি লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তা খুলে অজ্ঞাত ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। ওই নারীর পরনে সালোয়ার কামিজ ছিল। পুলিশের ধারণা, ৩/৪ দিন পূর্বে ওই নারীকে অন্যত্র হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে মহাসড়কের পাশে ফেলে গেছে হত্যাকারীরা। নিহত নারীর পরিচয় উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই নারীকে কীভাবে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে নিশ্চিত হওয়া যাবে।
অপরদিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় আবুল কালাম আজাদের বাড়ি থেকে ফিরোজা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।