রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করেছে ছাত্রদলের বিলুপ্ত কমিটির বিদ্রোহী নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর কাউন্সিল বাতিলসহ বিভিন্ন দাবিতে অবস্থান নিয়ে তারা স্লোগান দিতে থাকে। এ সময় তারা ‘অবৈধ তপশিল, মানি না মানব না’, ‘অবৈধ সিন্ডিকেট মানি না মানব না’, ‘কথায় কথায় বহিষ্কার, দল কি তোদের বাপ-দাদার’, ‘সিন্ডিকেটের আস্তানা, পার্টি অফিসে রাখব না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা কার্যালয়ের বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তাদের বাধার মুখে ছাত্রদলের নতুন কমিটির মনোনয়ন ফরম বিক্রি করতে পারেনি বিএনপি।
পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কয়েকজন নেতা তাদের চলে যেতে বলেন এবং দলের গুলশান অফিসে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাত্ করতে বলেন। পরে রাতে বিদ্রোহী ছাত্রদল নেতারা ফখরুলসহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। মির্জা ফখরুল তাদের বলেন শনিবার স্থায়ী কমিটির মিটিং আছে সেখানে তোমাদের সমস্যা নিয়ে আলোচনা হবে। এখন আন্দোলন বন্ধ করো। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।