বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে জি-২০ সম্মেলনে ঐকমত্য

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) সংস্কারে একমত হয়েছেন বিশ্ব নেতারা। গতকাল শনিবার আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে নেতারা বিশ্বের এই আর্থিক সংস্থাটির সংস্কারে ঐকমত্যে পৌছান। ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা গতকাল এই তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, সংস্কারের ভাষা কেমন হবে তা নিয়ে সমঝোতা চলছে। এদিকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের মাধ্যমে বিশ্ব বাণিজ্য স্থির অবস্থায় আসবে বলে অনেকে আশা করছেন। বৈঠকের প্রতি নজর রয়েছে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দেরও। বর্তমানে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যে বাণিজ্য শুল্ক বাড়ানোর কথা বললেও তা বাড়াননি। ফলে অনেকেই দুই নেতার বৈঠকে আশা দেখছেন। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সংক্ষিপ্ত বৈঠক করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। শুক্রবার দুইদিনব্যাপী সম্মেলন শুরু হয়। - রয়টার্স