রাজধানীতে বিএনপি নেতা সপুসহ গ্রেফতার তিন

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ তিনজন গ্রেফতার হয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। অপর দুজন হলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু ও যুবদল গাজীপুর মহানগর নেতা জসিম উদ্দিন।  বিষয়টি নিশ্চিত করেছেন  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুব আলম। তিনি বলেন,সফুকে রমনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৭০টির বেশি মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধেশ্বরীর একটি ডেন্টাল ক্লিনিক থেকে তাদের গ্রেফতার করা হয়। সপুর বিরুদ্ধে মতিঝিল থানায় ৫০ এবং পল্টন থানায় ১৭টিসহ রাজধানীর বিভিন্ন থানায় ৭২টি এজাহারনামীয় মামলা রয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের শ্রীনগরে থানার ২৬টি মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি। গ্রেফতার হওয়া সাইফুল ইসলামের নামে ঢাকার বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এদিকে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কারাবন্দি মামুন হাসানের স্ত্রী ডলি হাসান অভিযোগ করে জানিয়েছেন, গতকাল একাধিকবার কাফরুলে তাদের বাসায় পুলিশ গিয়ে খোঁজ-খবর নেয়। সন্ধ্যা ৭টায় পুলিশ তাদের জানায়, রাত ১১টায় আবার ওই বাসায় যাবে। এতে আতঙ্কিত হয়ে বাসার  পুরুষ সদস্যরা আত্মগোপনে চলে যান।