‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সব’-এর আসরে দর্শকদের আগ্রহ বেশ দেখা গেছে। প্রতিটি দেশ তাদের পারফর্মেন্সের মধ্য দিয়ে মুগ্ধ করেছে দর্শকদের। সেই ধারাবাহিকতা ছিল শেষদিন পর্যন্ত। রাশিয়ান বিখ্যাত পাপেটিয়ার, অভিনেতা, নির্দেশক ও ডিজাইনার নিকোলাই জাইকভের পরিবেশনা ‘এ লাইট পাপেট শো’ দিয়ে পর্দা নামলো প্রথম বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সবের। ২৬ জুন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মনোমুগ্ধকর এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।
উত্সবে প্রদর্শিত হয় নেপালের মান্ডালা থিয়েটারের প্রযোজনা ঝিয়ালিঞ্চা (গঙ্গাফড়িং)। নেপালে চলমান মাওবাদী বিপ্লবের ওপর নেপালের বিখ্যাত লেখক কুমার নাগরকোটির একটি ছোট গল্পের ওপর ভিত্তি করে নাটকটি নির্মিত। এটি পরিচালনা করেন ডিজাহং রাই। নির্দেশনা দিয়েছেন রায় এবং সংগীত পরিচালনা করেন অনুপম শর্মা। অভিনয় করেন বিজয়াইরাল ও রঞ্জনা ওলিহাস।
এবারের নাট্যোত্সব ৬টি আন্তর্জাতিক নাট্য প্রযোজনার সাথে মাস্টারক্লাস, সেমিনার, কর্মশালা এবং মিট দ্য ডিরেক্টর-এ সমৃদ্ধ ছিল, যা দর্শক এবং নাট্যকর্মীদের মাঝে আলোড়ন সৃষ্টি করে। এছাড়া এই নাট্যোত্সবে দুটি বাংলা এবং দুটি ইংরেজি বুলেটিন বের হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের বাস্তবায়ন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় ২০ থেকে ২৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়েছে এ উত্সব। উত্সবে ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল ও বাংলাদেশের দুটি নাট্যদলসহ মোট ৮টি দল অংশ নেয়।