চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের সুপার শপগুলিতে বায়োসিকিউরিটিযুক্ত, প্রাণী সম্পদ অফিসের সনদপ্রাপ্ত মুরগি উত্পাদনকারী প্রতিষ্ঠানের ড্রেসড (প্রক্রিয়াজাতকৃত) ব্রয়লার মুরগি বাজারজাতকরণের উদ্যোগে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রামে থাকা সুপারশপ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত মুরগি উত্পাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ-এর সাথে সুপার শপ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ক্যাব প্রতিনিধি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বলা হয়, বর্তমানে দেশের অধিকাংশ স্থানে অপরিষ্কার, অপরিছন্ন স্থানে মুরগি জবাই করে ভোক্তার কাছে মুরগি সরবরাহ করা হয়ে থাকে। আবার বিভিন্ন মুরগির খামারে উত্পাদিত মুরগিগুলোতে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও নিয়ন্ত্রিত নয়। সে কারণে নিরাপদ মুরগি প্রাপ্তি হুমকিতে পড়ে।
নগরীর খুলশীতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত ক্যাবের পোল্ট্রি সেক্টরে সুশাসন প্রকল্পের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক জসিম। আলোচনায় অংশ নেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, থানা পশু সম্পদ কর্মকর্তা ডা. জাকিয়া আকতার, ভেটেরিনারি সার্জন জয়িতা বসু, ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, সিপি বাংলাদেশ-এর প্রতিনিধি মো. ওয়ালিউর রহমান, মিনা বাজারের প্রতিনিধি মো. রিপন, আগোরা’র আবদুল্লাহ আল মামুন, স্বপ্ন’র ওয়াহিদ আফসার, বাস্কেট’র মোরশেদুল করিম খান, খুলশী মার্টের তানজীব হোসাইন, ক্যাব পাঁচলাইশের সেলিম জাহাঙ্গীর, সেলিম সাজ্জাদ প্রমুখ।