তালায় পাটখেত থেকে চল্লিশোর্ধ্ব মহিলার গলিত লাশ উদ্ধার

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালায় পাটখেত থেকে পুষ্প রানি দাশ নামে চল্লিশোর্ধ্ব এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ইসলামকাটি গ্রামের মৃত মনোরঞ্জন দাশের স্ত্রী। পুষ্প রানি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ২০ জুন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি পুষ্প রানি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে তাঁর ছেলে মহাদেব দাশ গত ২২ জুন তালা থানায় একটি জিডি করে। সর্বশেষ গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে স্থানীয়রা বারাত বিলের জনৈক কেসমত দপ্তরির পাটখেতের পাশে ঘাস কাটতে গিয়ে গন্ধ পেয়ে তালা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে পুষ্প রানির গলিত লাশ উদ্ধার করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, খবর পেয়ে তিনিসহ সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা ও পাটকেলঘাট সার্কেল) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে পুষ্প রানির গলিত লাশ উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ শেষে হত্যা করে সেখানে লাশ ফেলে রাখা হয়েছে।