বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে বিজিবির হাতে হ্যান্ডকাপ ও মোটর সাইকেলসহ আটক দুই ভুয়া ডিবি পুলিশকে থানা পুলিশে সোপর্দের পর মামলা দিয়ে শুক্রবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- জয়পুরহাট সদরের আমদই গোপালপুর গ্রামের নূরনবীর ছেলে মাসুদ রানা ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইদরগাড়া গ্রামের হাফিজুলের ছেলে মনজুর আলম। বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার সাদির আহমদ জানান, বৃহস্পতিবার বিকেলে বিরামপুর বিজিবি ক্যাম্পের অদূরে মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলামকে জোর করে দুই যুবক মোটর সাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় সাইফুলের চিত্কারে স্থানীয়রা জড়ো হলে ঐ দুই যুবক হ্যান্ডকাপ উঁচিয়ে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেয়। এ সময় টহল বিজিবি সদস্যরা ঐ দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, আটক দুই ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং শুক্রবার তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।