কুবিতে বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন প্রত্নতত্ত্ব বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু কাপ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর ফাইনালে আইন বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ। সোমবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

নির্ধারিত ৫০ মিনিটের খেলার শুরুতে দুই দল আক্রমণাত্মক থাকলেও হাফ টাইমের আগে উভয় দলের গোল সংখ্যা শূন্য থাকে। হাফ টাইমের পরে প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড় সাকিব প্রথম গোল দেন। পরবর্তীতে ইকরাম হোসেনের গোলের মাধ্যমে গোল ব্যবধান দ্বিগুণ হলে প্রত্নতত্ত্ব বিভাগের জয় নিশ্চিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্স আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, প্রক্টর(ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইনুল হক সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।