কুবিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ারস প্রোগ্রামের আয়োজনে দিনব্যাপী লেকচার সেশন ও কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ারস প্রোগ্রাম- ২০২৩' এর অধীনে দিনব্যাপী লেকচার সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কো কর্তৃক অনুমোদিত সংস্থা 'পারসিভ' এর 'নগর উপাখ্যান' বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের যৌথ আয়োজনে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো এ প্রোগ্রাম পরিচালিত হয়। প্রোগ্রামের এবারের প্রতিপাদ্য ছিল 'ইন্টারপ্রিটেশন অব দ্য টেরাকোটা প্লাক অব দ্য বুদ্ধিস্ট বিহার অ্যাট পাহাড়পুর, বাংলাদেশ।'

মঙ্গলবার (০৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার কক্ষে লেকচার সেশন অনুষ্ঠিত হয়। এতে 'ট্রানজিশন ফ্রম বুদ্ধিজম টু ইসলাম' বিষয়ে লেকচার প্রদান করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ ও 'হেরিটেজ ম্যানেজমেন্ট অব বাংলাদেশ' বিষয়ে লেকচার প্রদান করেন সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান। 

10

এসময় প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এন এম রবিউল আউয়াল চৌধুরী, পারসিভ এর প্রতিষ্ঠাতা ও সিইও ফাতিহা পলিন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ারস প্রোগ্রাম এর ভারত, নেপাল, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের ভলান্টিয়ারবৃন্দ ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে দুপুর দুইটায় কুমিল্লার বিজয়পুর মৃৎশিল্প পল্লী পরিদর্শন, টেরাকোটা সংরক্ষণ পর্যবেক্ষণ ও টেরাকোটা তৈরি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকালে ইউনেস্কো হেরিটেজের অপেক্ষমান তালিকায় থাকা শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করেন তারা। 

9

উল্লেখ্য, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ারস প্রোগ্রাম তরুণদের বিশ্ব ঐতিহ্যের সুরক্ষা, সংরক্ষণ ও প্রচারে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করার জন্য কাজ করে। সারা বিশ্বে ইউনেস্কো অনুমোদিত ৩৩টি দেশের মোট ৫৮টি সংস্থা এই প্রোগ্রামটি পরিচালনার দায়িত্বে থাকেন। বাংলাদেশ থেকে অনুমোদিত সংস্থা ‘পারসিভ’ এর ‘নগর উপাখ্যান’ বিভাগ এবার দ্বিতীয় বারের মতো ১০ দিন ব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে প্রোগ্রামটি আয়োজন করছে। গত ১ অক্টোবর কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ কে এম খালিদ। আগামী ১০ অক্টোবর এ কর্মশালার সমাপ্তি ঘটবে।