অলি আহমদের ফোরামকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের নতুন প্ল্যাটফর্ম ‘জাতীয় মুক্তি মঞ্চ’কে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল শুক্রবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের স্বাগত জানিয়ে বলেন, রাজনীতিতে নতুন ফুল ফুটুক। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই।

প্রসঙ্গত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই প্ল্যাটফর্মের ঘোষণা দেন অলি আহমদ। ‘জাতীয় মুক্তি মঞ্চ’-এ এলডিপি ছাড়াও আছে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা, খেলাফত মজলিস এবং ন্যাশনাল ওলামা মুভমেন্ট। ‘১৯৭১ এর জামায়াত আর ২০১৯ এর জামায়াত এক নয়, জামায়াত এখন দেশপ্রেমিক’ মর্মে অলি আহমদের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সেটা দেখতে হবে সরজমিনে। তারা কী পরিবর্তিত রূপ নিয়ে এসেছে তা কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে।

নতুন সদস্য সংগ্রহ অভিযান:ওবায়দুল কাদের বলেন, আগামী ১ জুলাই থেকে নতুন সদস্য সংগ্রহের অভিযান কর্মসূচি শুরু করবে আওয়ামী লীগ। এবার সদস্য নবায়নের চেয়ে নতুন সদস্য সংগ্রহ গুরুত্ব দেওয়া হবে।

ছাত্রলীগের সংকট:এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগে যে সংকট সৃষ্টি হয়েছে সেটার সমাধান আমার কাছে নেই। এ বিষয়ে আমাদের যে চার সহকর্মী দায়িত্বে আছেন তারা জবাব দিতে পারবেন।’ যদি এই চার নেতা ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন,  ‘তারা সফল কী ব্যর্থ, তার বিচার প্রধানমন্ত্রী করবেন। আমি নিজেও এ বিষয়ে খুব বেশি কিছু একটা জানি না। দায়িত্বপ্রাপ্ত নেতারা ভালো বলতে পারবেন।’ প্রসঙ্গত, এই চার নেতা হলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও বি এম মোজাম্মেল। গত ১৩ মে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ায় পদবঞ্চিতরা আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের দ্রুত সময়ে কমিটি থেকে বাদ দিতে নির্দেশনা দেন। কিন্তু মাস পেরিয়ে গেলেও সমাধান হয়নি সেই সমস্যার।