শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর একটি হিন্দি গানের তালে নাচের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
জানা যায়, উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ ২০১৭ সালে যোগদানের পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের রাতে ‘আই অ্যাম ডিস্কো ড্যান্সার’ গানের তালে তালে নাচেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে ওই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইদুর রহমান ও অন্যবিভাগের একজন শিক্ষককেও শিক্ষার্থীদের সঙ্গে নাচতে দেখা যায়। ভিডিওর মন্তব্যে কেউ কেউ বলছেন, বিদেশি গানের সঙ্গে উপাচার্যের এমন নাচ অশোভনীয়। উপাচার্যকে ‘মাতাল’ হিসেবেও অভিহিত করেছেন অনেকে। আবার কেউ কেউ বলছেন বিষয়টি তার ব্যক্তিগত। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সাইদুর রহমান বলেন, একটি বিভাগের শিক্ষার্থীদের বিদায়ে উপাচার্যকে আমন্ত্রণ জানালে তিনি আসেন। শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ করেন। এখানে অশালীন কিছু হয়নি। তবে এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহর মন্তব্য পাওয়া যায়নি।