উদ্বোধনী ম্যাচের আগে শিরোপা হাতে মাঠে শচীন

১০ দেশের ৪৫ দিনে ৪৬ ম্যাচ সবার লক্ষ্য একটি, আর তা হলো ১৩তম বিশ্বকাপ জয়। গতকাল ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে গত আসরের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের আসরের। বলতে গেলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া এবার একেবারে সাদামাটা ভাবেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তবে এদিন চমক সূচক মাঠে দেখা যায় ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। বিশ্বকাপ শিরোপা হাতে উদ্বোধনী ম্যাচ শুরুর আগে মাঠে প্রবেশ করে ভারতের সর্বকালে সেরা  এই ব্যাটার। মাঠে তখন গুটি কয়েক দর্শক উপস্থিত। বেশির ভাগ আসনই ছিল ফাঁকা। যারা উপস্থিত ছিল তারাই শচীনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে দিয়ে শচীনকে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ সব কীর্তির স্বীকৃতি হিসেবে শচীনকে বেছে নিয়েছে আইসিসি। সেই সুবাধেই গতকাল উদ্বোধনী ম্যাচের আগে শিরোপা হাতে মাঠে এসেছিলেন এই কিংবদন্তি ব্যাটার। মূলত ২০১১ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও ভারত যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। সেবার ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়া ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেই আসরে শিরোপা জেতার স্বপ্ন পূরণ হয়েছিল মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের। এরপর দীর্ঘ ১২ বছর পর আবার ঘরের মাটিতে বিশ্বকাপ। আর শচীন খেলোয়াড় হিসেবে নেই বিশ্বকাপে তবে অন্য ভূমিকায় আসরে এই কিংবদন্তিকে রাখতেই আইসিসির এ আয়োজন।

এর আগে বিশ্বকাপ গ্লোবাল অ্যাম্বাসেডর হওয়ার প্রতিক্রিয়ায় শচীন টেন্ডুলকার বলেছিলেন, ‘১৯৮৭ সালে বলবয় হওয়া থেকে ছয়টি আসরে দেশের প্রতিনিধিত্ব করা পর্যন্ত বিশ্বকাপ সবসময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে। ২০১১ সালে বিশ্বকাপ জয় আমার ক্রিকেট যাত্রার সবচেয়ে গর্বের মুহূর্ত। ভারতে ছেলেদের ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনেক বিশেষ দল এবং খেলোয়াড়ের সঙ্গে আমিও এ দুর্দান্ত টুর্নামেন্টের জন্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছি।’

এদিকে ভারতের এই লিটল মাস্টারের সঙ্গে এবারের বিশ্বকাপে অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন সাবেক সাবেক আরও ৯ তারকা ক্রিকেটার। তারা হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মরগান, অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ, শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন, নিউজিল্যান্ডের রস টেইলর, ভারতের সুরেশ রায়না ও নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ এবং পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।