আজ বিশ্বকাপ মিশন শুরু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানের

শেষ কয়েক মাসে পাকিস্তানের ব্যাটিং কিংবা বোলিং সব বিভাগে ব্যালেন্সড ও অপ্রতিরোধ্য একটা দল। আর সেই পারফরম্যান্সে আইসিসি ওডিআই র‌্যাংকিংয়েও শীর্ষস্থানে উঠে এসেছিল বাবর আজমের দল। 

তবে সর্বশেষ এশিয়া কাপে পাকিস্তানের প্যারফরম্যান্স ছিল নাজুক। অবস্থা এতটাই ভয়াবহ যে, ম্যাচে জিততেই ভুলে গেছে বাবর আজমরা। বিশ্বকাপের অফিসিয়াল দুই প্রস্তুতি ম্যাচের একটিতেও জিততে পারেনি পাকিস্তান।

এশিয়া কাপ শুরুর আগে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিল পাকিস্তান। কিন্তু তারা ফাইনালে উঠতে পারেনি। চলমান বিশ্বকাপেও সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রীড়া বিশ্লেষকদের মতে অন্যতম ফেভারিট দল পাকিস্তান।  কিন্তু ওই যে, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা। এই দলটাকে নিয়ে নির্দিষ্ট করে কিছুই বলা যায় না। 

শুক্রবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটায় ভারতের হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ম্যাচটি পাকিস্তানের জন্য তুলনামূলক সহজ হলেও আগে থেকে সেটিও বলা সম্ভব নয়। 

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে নেদারল্যান্ডসের অলরাউন্ডার বাস ডি লিডি বলেছেন, ‘আজকের ম্যাচের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আমরা শুধু এই ম্যাচ নয়, সেমিফাইনালেও খেলতে চাই। তবে সেজন্য আমাদের ৪-৫টি ম্যাচ জিততে হবে। দারুণ ক্রিকেট খেলতে হবে। সে পর্যন্ত ভালো ক্রিকেট খেলতে চাই।’

ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেছিলেন, 'বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে।'

তিনি আরও বলেছিলেন, 'আমি মনে করি পাকিস্তান ভালো দল। তাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, আর সেই ম্যাচে তারা হেরে যেতে পারে। পাকিস্তান এমনই। তবে এরপর তারা দৌড়াতে থাকবে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা দেখুন। কেমন বাজে শুরু হলো, এরপর তারা ফাইনালে পৌঁছে গিয়েছিল।'

পরিসংখ্যানে কে কোথায়?

বিশ্বকাপে এ পর্যন্ত ছয়বারের দেখায় প্রতিবারই জয়ী দল পাকিস্তান। এবার ডাচরা কি পারবে রূপকথার জন্ম দিতে?

দুই দলের হেড টু হেড রেকর্ড:

২৬/০২/১৯৯৬ : গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর, পাকিস্তান ৮ উইকেটে জয়ী
২১/০৯/২০০২ : সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বো, পাকিস্তান ৯ উইকেটে জয়ী
২৫/০২/২০০৩ : বোলান্ড পার্ক, পার্ল, পাকিস্তান ৯৭ রানে জয়ী
১৬/০৮/২০২২ : হ্যাজেলারেগ, রটারডাম, পাকিস্তান ১৬ রানে জয়ী
১৮/০৮/২০২২ : হ্যাজেলারেগ, রটারডাম, পাকিস্তান ৭ উইকেটে জয়ী
২১/০৮/২০২২ : হ্যাজেলারেগ, রটারডাম, পাকিস্তান ৯ রানে জয়ী।