‘বাংলাদেশকে হারাতে আমাদের সেরা খেলার চেষ্টা করব’

ইংল্যান্ড ও ওয়েলসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়া চার বছর আগে বিশ্বকাপের এই মঞ্চে আফগানিস্তান আসরের সবকটি ম্যাচ হেরেছিল। চার বছর পর আরেকটি বিশ্বকাপ তবে আগের থেকে বেশ শক্তিশালী দল। বর্তমান সময়ে তারা যে কোনো ফরম্যাটেই বেশ কঠিন প্রতিপক্ষ। তাদের রয়েছে রশিদ-মুজিব-নবি-ফারুকিদের মতো আন্তর্জাতিক মানের বোলার। আর ব্যাটারদের কথা বলতে গেলে সবাই নিয়মিত বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে খেলা পরিচিত মুখ। তাই এবারের বিশ্বকাপে যে তারা চাইবে আগের বিশ্বকাপের সেই ফলাফলটা পরিবর্তন করতে, তা আগে থেকেই আঁচ করা যায়।

আজ ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে আফগানরা শুরু করবেন এবারের বিশ্বকাপ মিশন। আর তার আগে গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। এসময় বাংলাদেশকে চেনা প্রতিপক্ষ উল্লেখ করে হারাতে চায় বলে জানান এই ক্রিকেটার। বলেন, ‘আমরা একে অপরের বিপক্ষে অনেক খেলেছি। কখনো আমরা জিতেছি, কখনো তারা। এশিয়া কাপে সবশেষ ম্যাচে তারা আমাদের হারিয়েছে। তবে আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের মধ্যে আলোচনা হয়েছে। নিজেদের প্রস্তুত করেছি। তাদের খুব ভালোভাবে চিনি। তো আমরা সেভাবেই খেলব এবং দল হিসেবে সেরাটা দিয়ে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’

বাংলাদেশের বিপক্ষে সবশেষ খেলা ৫ ম্যাচের মধ্যে ৩ টিতেই জিতেছে আফগানিস্তান। যদিও সবশেষ দেখায় এশিয়া কাপে দাপটের সঙ্গে জিতেছে বাংলাদেশ। তবে সেগুলো নিয়ে ভাবছে না আফগানরা এমনটি জানিয়েছে আফগান অধিনায়ক। তিনি বলেন, ‘স্বাভাবিক বিষয়, আমাদের নিজেদের শক্তিমত্তায় মনোযোগ দিতে হবে। আমাদের শক্তি কোনটা, তাদের দুর্বলতা কোনটা। সবশেষ ম্যাচে যা হয়েছে, আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। তো আমরা তাদের থেকে শিখব এবং আগামীকাল সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। আমরা ইতিবাচক থাকার চেষ্টা করব।’ এদিকে ভারতের উইকেটগুলো আফগানদের বেশ পরিচিত। কেননা দলের রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মাদ নাবি, রহমানুল্লাহ গুরবাজসহ অনেকেই আইপিএলে নিয়মিত মুখ। সেই ফায়দাই এবার তুলবে আফগানরা এমনটি জানিয়েছে শাহিদি। বলেন, ‘আপনারা জানেন, আমাদের ক্রিকেটাররা আইপিএলে অনেক খেলেছেন। আবার অনেকে আছে যারা আইপিএল খেলেনি। তারাও এই কন্ডিশনে খেলেছি কারণ ভারত আমাদের হোম ভেন্যু ছিল। তো কন্ডিশন আমাদের চেনা। টুর্নামেন্ট জুড়ে আমরা এই সুবিধাটা নেব।’