মিশন ‘হেক্সা’য় ব্রাজিল পারেনি, অস্ট্রেলিয়া পারবে?

শুরু হয়েছে বিশ্বকাপ। ভারতের মাটিতে চলছে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। ২২ গজের লড়াইয়ের উত্তাপে গা মাখছে ক্রিকেটবিশ্ব। কোন দলের কতদূর যাওয়ার সম্ভাবনা, সেই আলোচনাও চলছে। ভারতের আসরে অংশ নেওয়া ১০ দলের শক্তি-দুর্বলতা ও সম্ভাবনা নিয়েই এই আয়োজন। আজ থাকছে অস্ট্রেলিয়াকে নিয়ে।

ফু্টবল ও ক্রিকেট সম্পূর্ণ আলাদা খেলা। কোনও মিল নেই। তারপরও একটা জায়গায় এই দুটি খেলা মিলে যাচ্ছে। বিশ্বকাপ ট্রফির সংখ্যা দিয়ে। ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি শিরোপা জিতেছে ব্রাজিল। ২০২২ কাতার বিশ্বকাপে ‘হেক্সা’, মানে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জেতার মিশনে নেমেছিল লাতিন দেশটি। এদিকে ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি পাঁচ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ভারতে নেমেছে ‘হেক্সা’র খোঁজে। কাতার বিশ্বকাপে অবশ্য ব্রাজিল পারেনি। ভারতের বিশ্বকাপে অস্ট্রেলিয়া কি পারবে?

২০১৫ সালে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। গতবার বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। ভারতের বিশ্বকাপে ট্রফি পুনরুদ্ধারের মিশন তাদের। এই মিশনে অস্ট্রেলিয়ার নেতৃত্বে প্যাট কামিন্স। তার সঙ্গে দলে আছেন অভিজ্ঞ স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের মতো খেলোয়াড়।

বিশ্বকাপের আগের সময় খুব একটা ভালো যায়নি অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দুটি সিরিজই হেরেছে। তারপরও দলটি যখন অস্ট্রেলিয়া, তখন যেকোনও পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তাদের রয়েছে। ব্যাটিং-বোলিং মিলিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ দল তাদের।

যদিও ২০১১ সালে উপমহাদেশের বিশ্বকাপে মোটেও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ২০১১ সালে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। সেই ব্যর্থতা ঝেরে নতুন ইতিহাস লেখার প্রতিজ্ঞা অস্ট্রেলিয়ার।

একনজরে

অধিনায়ক: প্যাট কামিন্স।

কোচ: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

ডাকনাম: ব্যাগি গ্রিন, অজি।

র‍্যাংকিং: ৩।

বিশ্বকাপে অংশ নিয়েছে: ১২ বার (১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯)।

বিশ্বকাপে সেরা সাফল্য: চ্যাম্পিয়ন- ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫।

আগের বিশ্বকাপের পারফরম্যান্স

২০১৯ বিশ্বকাপের শুরুটা দারুণ ছিল অস্ট্রেলিয়ার। রবিন রাউন্ড পর্বে দাপট দেখিয়েছিল তারা। ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে শেষ চারের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ২২৩ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হারে বিদায় নেয় বিশ্বকাপ থেকে।

কীভাবে বিশ্বকাপে: ওয়ানডে সুপার লিগের সেরা আট দল সরাসরি নিশ্চিত করেছে বিশ্বকাপ। অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের চারে থেকে পায় ভারতের বিশ্বকাপের টিকিট।

বাংলাদেশের বিশ্বকাপ সূচি

৮ অক্টোবর: ভারত (চেন্নাই), দুপুর ২-৩০ মিনিট

১২ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা (লখনউ), দুপুর ২-৩০ মিনিট

১৬ অক্টোবর: শ্রীলঙ্কা (লখনউ), দুপুর ২-৩০ মিনিট

২০ অক্টোবর: পাকিস্তান (বেঙ্গালুরু), দুপুর ২-৩০ মিনিট

২৫ অক্টোবর: নেদারল্যান্ডস (দিল্লি), দুপুর ২-৩০ মিনিট

২৮ অক্টোবর: নিউজিল্যান্ড (ধর্মশালা), সকাল ১১টা

৪ নভেম্বর: ইংল্যান্ড (আহমেদাবাদ), দুপুর ২-৩০ মিনিট

৭ নভেম্বর: আফগানিস্তান (মুম্বাই), দুপুর ২-৩০ মিনিট

১১ নভেম্বর: বাংলাদেশ (পুনে), সকাল ১১টা

নজরে থাকবেন

স্টিভেন স্মিথ: অস্ট্রেলিয়া দলে ভরসার নাম স্টিভেন স্মিথ। দলের বিপর্যয়ে তার দাঁড়িয়ে যাওয়ার উদাহরণ অনেক আছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার দিকে তাকিয়ে থাকবে অস্ট্রেলিয়া। বেশ কিছুদিন ওয়ানডে ক্রিকেটে ছিলেন না। তবে ভারত সিরিজ দিয়ে ফিরেই রান পেয়েছেন। প্রথম ওয়ানডেতে ৪১ করার পর শেষ ওয়ানডে খেলেছেন ৭৪ রানের ইনিংস। ওয়ার্ম-আপ ম্যাচেও রান পেয়েছেন। সেই ধারা বিশ্বকাপেও নিশ্চয় ধরে রাখতে চাইবেন স্মিথ।

মিচেল স্টার্ক: ওয়ানডে ইতিহাসে দ্রুততম ২০০ উইকেটের কীর্তি মিচেল স্টার্কের। ২০১৫ বিশ্বকাপে ২২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৯ বিশ্বকাপে তার তোপ আরও বেশি। ভেঙে দেন গ্লেন ম্যাকগ্রার এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নেওয়ার রেকর্ড। ইংল্যান্ডের আসরে ১০ ম্যাচে নেন ২৭ উইকেট। স্টার্ককে বলা হয় বড় মঞ্চের খেলোয়াড়। আগের বিশ্বকাপগুলোতে আলো ছড়িয়েছেন। এবার মিশন ভারতের বিশ্বকাপ।

শক্তি

* দলে আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার।

* মিচেল মার্শ আছেন দুর্দান্ত ফর্মে। ভারতের বিপক্ষে সিরিজে আলো ছড়িয়েছেন এই ব্যাটসম্যান।

* দুর্দান্ত পেস বোলিং আক্রমণ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড অনেকদিন ধরে অস্ট্রেলিয়ার ভরসার নাম।

* দলে আছে বেশ কয়েকজন অলরাউন্ডার।

* গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ও বোলিং রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।

দুর্বলতা

* ডেভিড ওয়ার্নারের ফর্মহীনতা ভোগাতে পারে।

* ওয়ানডেতে ধারাবাহিকতার অভাব।

* ভারতের মাটিতে ২০১১ বিশ্বকাপে ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া।

* চোট সমস্যা আছে দলে।

* ভারতের কন্ডিশনের কথা চিন্তা করলে দলে স্পিনারের ঘাটতি আছে।

ভবিষ্যদ্বাণী: চ্যাম্পিয়ন।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, অ্যাডাম জাম্পা।