সাকিবের নেতৃত্বের প্রশংসায় স্টেইন

আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এদিন মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ৬ উইকেটে জয় পেয়েছেন টাইগাররা। তবে এ ম্যাচে প্রতিপক্ষকে আটকাবার নিখুঁত পরিকল্পনার জন্য নেটিজনদের প্রশংসা কুড়াচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের শুরুতে যখন পেসাররা আফগান ব্যাটারদের সামনে ব্যর্থ হচ্ছিল সেসময় বারবার বোলিং পরিবর্তন করে এবং বিভিন্ন ভাবে ফিল্ডিং সাজিয়ে প্রতিপক্ষকে চেপে ধরে সাকিব। যা দেখে ম্যাচ শেষে টাইগার অধিনায়ককে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক প্রোটিয়া পেসার ডেল স্টেইন।

ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফোতে স্টেইন সাকিবের নেতৃত্বগুণের প্রশংসা করে বলেন, ‘উপমহাদেশের দলগুলোর ডিএনএ’র মধ্যে স্পিন জিনিসটা আছে। যখনই ওরা বিপদ দেখে, স্পিনার নিয়ে আসে। সাকিবও এখানে ব্যতিক্রম কিছু করেনি। যখনই ওর মনে হয়েছে উইকেট প্রয়োজন সে স্পিনার নিয়ে এসেছে। এরপরই উইকেট পড়তে শুরু হয়। আফগানিস্তান জুটিই গড়তে পারেনি, তারা ড্রিংস ব্রেক শেষেই দ্বিতীয় উইকেট হারায়। আমি গুরবাজকে দেখেছি রাগে ব্যাট ছুঁড়ে মারতে। কিন্তু পরের ওভারেই সে বড় শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে আউট হয়। এরপর একে একে উইকেট পড়া শুরু হয়।’ 

তিনি আরও বলেন, ‘সাকিব খুব ভালোভাবে জানে, কাকে কখন বোলিংয়ে আনতে হবে। পেসারদেরও সে সময়মতো নিয়ে আসে। এরপর আবার সে স্পিনে ফিরেছে, অসাধারণ নেতৃত্বগুণ।’