দেশের ক্রিকেটের মুখ গোমড়া ছিল। ঝড় চলছিল দেশের ক্রিকেটে। নানা ইস্যুতে, নানা কথার তিরে বিদ্ধ হয়েছিল ক্রিকেট। এবারই প্রথম দেশের ক্রিকেটের আদরের সন্তান সমালোচিত হয়েছিলেন। সেই সন্তান এভাবে জবাব দেবেন তা কি কেউ ভেবেছিল। একজন ভাবতেন, তিনি সাকিব আল হাসান। তার পক্ষ হয়ে সময়টাই জবাব দিয়ে দেবে। তাই হয়তো নিজে মুখ খোলেননি। কোনো সমালোচনার জবাব দেননি। কথার মিসাইলগুলো যেভাবে ছোড়া হয়েছিল তা কানের পাশ দিয়ে দূরে সরিয়ে দিয়েছিলেন সাকিব। অপেক্ষায় ছিলেন সময় মতো জবাবটা দেবেন। সমালোচকরা বলেছিলেন দেখা যাবে। সাকিব খুব বেশি সময় নিলেন না।
সঠিক সময়ে জবাব দিলেন। আফগানিস্তানকে হারিয়েই জবাব দেননি, একজন অধিনায়ক কীভাবে দলকে পরিচালনা করেন, তা দেখিয়েছেন সাকিব আল হাসান। মাস্টারমাইন্ড সাকিব। কে কী বললেন তা নিয়ে একবিন্দু ভাবেননি। টস জিতে সাকিব কেন ব্যাট নেননি। তা নিয়ে কে কী বললেন সেটা ফিরেও দেখেননি। সাকিব টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছেন। সাকিব মাথা খাটিয়েছেন। তার মাথায় কী ঘুরছে সেটা কাউকে বলেননি। নেতা কখনো তার পরিকল্পনার কথা বাজারে মেলে ধরেন না। মনের মধ্যেই রেখে দেন। সেটাই করেছেন তিনি। সামনে দাঁড়িয়ে কীভাবে একটা দলকে নেতৃত্ব দিতে হয় তা শিল্পের মতো করে বুঝিয়ে দিয়েছেন। সাকিবের ব্রেনের কাছেই হেরে গেছে আফগানিস্তান।
সাকিব পরিকল্পনা করলেন ১০ ওভারের মধ্যে একটা ধাক্কা দিতে হবে। সাকিব সেভাবেই বল তুলে দিয়েছিলেন পেসার তাসকিনের হাতে। কিন্তু তাসকিন ধাক্কা দিলেও আফগানিস্তানের ব্যাটিংয়ে দেয়াল ভাঙতে পারছিলেন না। তখন সাকিব নিজেই বোলিংয়ে গেলেন। মাথা খাটালেন। আবার ফিল্ডিং গোছালেন। ছুটে গেলেন মুশফিকের দিকে। মিরাজকে গিয়ে কি বললেন, হাত উঁচু করে নিদের্শনা দিয়ে যাচ্ছিলেন। ১০ ওভারে ৫০ রান হয়ে গিয়েছিল। সাকিব ৮ ওভার করলেন, ৩০ রান দিয়ে ৩ উইকেট নিলেন। মিরাজকে এনে বল তুলে দিলেন, ২৫ রান দিয়ে নিলেন ৩ উইকেট মিরাজ। কখন মিরাজকে খেলাতে হবে সেটা দেখালেন সাকিব। এই যে নেতৃত্ব সেটা শুধু সাকিবের মাথায় ছিল।
সাকিবকে আগে কখনো এমন দেখা যায়নি। মাঠে সব সময় তাকে যে মুডে দেখা যেত কাল আফগানিস্তানের বিপক্ষে ভিন্ন রূপের সাকিবকে দেখা গেছে। ধর্মশালার মাঠে সাকিব গ্যালারির দর্শকের দিকে ফিরেও তাকাচ্ছিলেন না। নিজেকে এতো বেশি মনোযোগে রেখেছিলেন যে দেশকে একটা জয় তুলে দেয়ার জন্য শপথ নিয়ে নেমেছিলেন। আর তার জন্য নেতৃত্বে যতটুকু মেধা ঢেলে দেওয়া দরকার সেটা করবেন, করিয়ে দেখিয়েছেন। এমন নেতাই তো দরকার। দেশ পেয়েছে একটা স্মরণীয় এক জয়। দেশের মানুষ এমন একজন নেতার খোঁজেই ছিলেন।