আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশনে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রেনে উঠতে গিয়ে হাত পিছলে লাইনে পড়ে গেলে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে একই দিনে রেলজংশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ নিহত দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলী আখাউড়া রেলজংশনের ৩ নম্বর প্লাটফর্মে প্রবেশ করে। সেখানে যাত্রী ওঠা-নামা শেষে পুনরায় ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় হঠাত্ এক যুবক দৌড়ে ট্রেনটিতে ওঠার চেষ্টা করেন। এক পর্যায়ে ওই যুবকের হাত পিছলে গিয়ে মাথা নিচে পড়ে রেললাইনে পড়ে যায়। এতে করে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রেন চলে যাওয়ার পর খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে প্লাটফর্মে নিয়ে আসেন। কেউ তাকে চিনতে পারেননি। তার আনুমানিক বয়স ৪০ বছর। অপরদিকে গত বৃহস্পতিবার বিকালে আখাউড়া প্লাটফর্ম থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, ট্রেনে উঠতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অপরদিকে প্লাটফর্ম থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের কারোর কোনো পরিচয় পাওয়া যায়নি। যদি আরো অনুসন্ধানে তাদের পরিচয় পাওয়া না যায় তাহলে লাশ দুটি আঞ্জুমান মুফিদুল ইসলামে পাঠানো হবে।