সেই সাকিবেই সাফল্য পেলো বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিং করতে নামে বাংলাদেশ। তবে কোনো উইকেটের দেখা পাচ্ছিলো না টাইগাররা। অবশেষে বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন সাকিব।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান এই দুই ব্যাটার।

মাঝে একবার আউটের জন্য আবেদন করে বাংলাদেশ। সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ, তবে তা কাজে দেয়নি, উল্টো একটি রিভিউ হারায় টাইগাররা।

এরপর বেশ আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন মালান ও বেয়ারস্টো। দুজনেই তুলে নেন অর্ধশতক। ম্যাচের ১৮তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৫৯ বলে ৫২ রান করা বেয়ারস্টোকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ২০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।