সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান আজিজের সৌজন্য সাক্ষাত্

মিশন এলাকায় সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি প্রফেসর ফসটিন আরচেঞ্জ টোয়াডেরার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে সেনাপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা সে দেশের রাষ্ট্রপতির নিকট পৌঁছে দেন।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহবানে সাড়া দিয়ে সে দেশে শান্তিরক্ষী প্রেরণের জন্য বাংলাদেশের নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সে দেশের অবকাঠামোগত, নিরাপত্তা, প্রতিরক্ষা এবং শিক্ষাখাতে উন্নয়নের জন্য বাংলাদেশের সহায়তা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, মানবিক গুণাবলি ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানের ভূয়সী প্রশংসা করেন। সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আরো মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ইউনিট প্রেরণের আশ্বাস দেন। এছাড়াও বাংলাদেশ সরকারের নিয়মিত ও দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস প্রদান করেন।

পরে সেনাবাহিনী প্রধান মিনুস্কা ফোর্স সদর দপ্তরে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সেখানে তিনি মিনুস্কার এসআরএসজি ম্যানকিওর এনদিয়ায়েক এবং ফোর্স কমান্ডার লে. জেনারেল বাল্লা কেইটার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তাঁরা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহের সেনাসদস্যদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন। এ সময় ফোর্স কমান্ডার মিশনে নিয়োজিত অন্যান্য দেশের সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশকে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করেন।