তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি

নারী ও শিশু স্বাস্থ্যঝুঁকির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ধূমপান এবং তামাক ব্যবহার নিয়ন্ত্রণ আইনটির প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নার্গিস রহমান।

সোমবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও বাসাবো কমিউনিটি সেন্টারে নারী মৈত্রী আয়োজিত স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে “প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।

66

আলোচনা সভায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নারী কাউন্সিলর আয়শা মোকাররম, (ওয়ার্ড নং ২২) এবং ফারজানা ইয়াছমিন বিপ্লবী (ওয়ার্ড নং ২, ৩, ৪), বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)-এর প্রোগ্রামস ম্যানেজার মো. আব্দুস সালাম মিয়া। 

নার্গিস রহমান বলেন, তামাক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। যেখানে নারী ও শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। পরোক্ষ ধূমপানের কারণে নারীর প্রজনন ক্ষমতা হ্রাস, গর্ভপাত এবং সন্তান জন্মদানে মা ও শিশু উভয়ই মৃত্যুর মতো অনাকাংক্ষিত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তাই নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আমি তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী পাসের জোরালো দাবি জানাচ্ছি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি।