ভাইদের নেতৃত্বে বোনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

গফরগাঁওয়ে ভাইদের সঙ্গে বোনের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বোন মুর্শিদার বাড়িতে নারকীয় তাণ্ডব চালিয়েছে ভাইদের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী। সন্ত্রাসীদের হাতে অপহরণের পর  নিখোঁজ হয়েছে বোন মুর্শিদা (৫০) ও মুর্শিদার ছেলে আনসারুল (২২)। সন্ত্রাসীরা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে, বাড়িঘর আসবাবপত্র ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে।

এলাকাবাসী ও মুর্শিদার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, চরমছলন্দ মৌজার ৩০ শতাংশ জমি নিয়ে মুর্শিদার সাথে বেশ কিছুদিন যাবত্ তার পিতা আব্দুল মোতালেব, ভাই শফিকুল, রফিকুল ও আমিনুলের বিরোধ চলে আসছে। মুর্শিদা এই জমিতে দুইটি টিনের ঘর ও একটি ছনের ঘর নির্মাণ করে তার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করে। মুর্শিদার স্বামী অনেক আগেই মারা গেছে।

রাত তিনটার দিকে মুর্শিদার ভাই শফিকুল (৫০), রফিকুল (৪৫), আমিনুল (৪১) এর নেতৃত্বে সোহেল (৩০), হোসাইন (১৮), সিরাজ (৬০), মান্নান (৫৫) ও অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জন সন্ত্রাসী রামদা, লোহার রড, চাপাতি, শাবলসহ তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়িতে গিয়ে হামলা চালায়।

সন্ত্রাসীদের হামলায় আহত মুর্শিদার মেয়ে কল্পনা (২৫) জানায়, তার এবং তার ভাই ও মার গলায় রামদা ঠেকিয়ে জিম্মি করে রাখে সন্ত্রাসীরা। সে কোনো রকমে জীবন বাঁচিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে। সে জানায়, সন্ত্রাসীরা তার মা মুর্শিদা ও ছোট ভাই আনসারুলকে হাত, পা ও মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তার মা ও ভাই নিখোঁজ। মুর্শিদার প্রতিবন্ধী ছেলে নাজমুল (২৭) ঐ রাতে বাড়িতে ছিল না। সকালে এসে সে পাগলের মতো পাশের ব্রহ্মপুত্র নদের কচুরিপানার নিচে, হাসপাতালে, থানায় তার মা ও ভাইকে খুঁজে বেড়াচ্ছে। নাজমুল অবিলম্বে তার মা ও ভাইয়ের সন্ধান চায়।

স্থানীয় ব্যক্তি বাহার উদ্দিন বাহার (৫০) ও জাকির হোসেন, এ রকম নারকীয় তাণ্ডব, অন্যায় তারা জীবনে দেখেনি।

অভিযুক্ত শফিকুল জানান, ভাই হয়ে বোনের ক্ষতি করা কি সম্ভব। আমরা বোনের কোনো ক্ষতি করিনি। এটা আমাদের জমি, বোন এই জমি দখল করে রেখেছিল। মুর্শিদার মেয়ে কল্পনা জানায়, এই জমি ক্রয় করার জন্য তার মা মুর্শিদা তার পিতা আব্দুল মোতালেবকে পাঁচ লাখ টাকা পরিশোধ করেছিল। গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।