ইউজিসি থেকে অর্থ বরাদ্দ হলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তা-কর্মচারীদের ৪৪ মাসের বেতনভাতা না দেওয়ার প্রতিবাদে টানা পাঁচদিন আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমন্বয় পরিষদ এ আন্দোলন করছে। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।
এদিকে প্রশাসনের কাছে বার বার বকেয়া বেতন চেয়ে আবেদন করার পরও সদুত্তর না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে রুল জারি করে এবং পরবর্তীতে বকেয়া বেতন পরিশোধ করতে নির্দেশ দেয়।
কর্মচারীদের অভিযোগ, আদালতের নির্দেশ নিয়ে বার বার প্রশাসনের কাছে আবেদন করলেও প্রশাসন আদালতের রায় বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি।
সর্বশেষ গত ২০ জুন তিন কর্মচারী আদালতের রায়ের সার্টিফাইড কপির ফটোকপিসহ বকেয়া বেতনের আবেদন করলে প্রশাসন তা গ্রহণ করেনি। পরবর্তীতে ডাকযোগে ঐ আবেদন পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাজী আসাদুজ্জমান বলেন, কর্মচারীরা হাতে হাতে একটি আবেদনপত্র জমা দিতে এসেছিল। সেটি গ্রহণ করিনি। পরে ডাকযোগে পাঠিয়েছে। আমরা সেটা পেয়েছি এবং ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছি।
এদিকে বেতনভাতার দাবিতে গত ২৩ জুন থেকে আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয় সমন্বয় পরিষদ।