বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন।
দীর্ঘ কর্মজীবনে এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটির অধিনায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তার একটি হলো ঢাকাস্থ বঙ্গবন্ধু ঘাঁটি এবং অন্যটি হলো চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি। এর আগে তিনি বিমান বাহিনীর সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডাইরেক্টরেটে পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স উইং এ ডাইরেক্টিং স্টাফ হিসেবেও নিয়োজিত ছিলেন। তিনি ১৯৬৪ সালে নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক।