সিরাজগঞ্জের কামারখন্দের ডিডি শাহবাজপুরে ব্যাংকের হিসাব খোলার নামে গৃহবধূর কাছ থেকে জোরপূর্বক তালাক নামায় স্বাক্ষর নেওয়ার ঘটনায় শ্বাশুড়ি রেনুকা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত নারী রেনুকা বেগম ডিডি শাহবাজপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী ও মামলার বাদী আফসানার শ্বাশুড়ি ।
জানা গেছে, ডিডি শাহবাজপুরের আফসানা নামের এক গৃহবূধ গত ৯ অক্টোবর রাতে কামারখন্দ থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলায় দ্বিতীয় আসামি ছিলেন তার শ্বাশুড়ি রেনুকা বেগম। আফসানার স্বামী উজ্জ্বল প্রবাসে থাকেন। প্রবাসে থাকার আগে আফসানাকে নানাভাবে নির্যাতন করতেন। প্রবাস থেকেও আফসানাকে নানাভাবে মানসিক চাপে রাখেন। আর বাড়িতে আফসানার শ্বাশুড়ি, ননদ, ভাসুর ও ভাসুরের বউ তাকে নির্যাতন করে। গত দুদিন আগে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য কৌশলে ব্যাংকের হিসাব খোলার নাম করে তালাক নামায় স্বাক্ষর নেয় এবং এ কাজে রায়দৌলতপুর ইউনিয়নের কাজী আব্দুর বারিক নামের একজন সহযোগিতা করেছেন। আর এজন্য ওই গৃহবধূ কাজীসহ পাঁচ জনের নামে মামলা করেন।
কামারখন্দ থানার ওসি মোহা. রেজাউল ইসলাম জানান, আফসানার শ্বাশুড়ি রেনুকা বেগমকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করে বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।