দিনেদুপুরে বগুড়ায় যুবককে পিটিয়ে হত্যা

বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কুটুরবাড়ী গ্রামের রোহান (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে বারোটায় সদরের রাজাপুর ইউনিয়নের জয়বাংলা ঈদগাহ্ মাঠের কাছে এই ঘটনা ঘটে। 

নিহত রোহান কুটুরবাড়ী গ্রামের কামাল হোসেনের পুত্র। এ ঘটনায় নিহতের সাথে থাকা সেলিম নামে আরো এক যুবককেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহিনুজ্জামান জানান, নিহত রোহান পোল্ট্রি ব্যবসায়ী মো. সেলিম হত্যা প্রচেষ্টা মামলার দুই নম্বর আসামি। গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সদরের কুটুরবাড়ি এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী সেলিমকে কুপিয়ে আহত করা হয়। এতে তার দুই হাত ও পায়ের রগ কেটে যায়। এ ঘটনার জের ধরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিপক্ষের লোকজন রোহান ও তার বন্ধু সেলিমকে পেয়ে আটক করে। এরপর বিভিন্ন স্থানে ঘুরিয়ে ঘুরিয়ে রোহানকে বেদম পিটুনি দিয়ে মেরে ফেলে। এতে সেলিমও গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।