বিএনপির আমলে সারের দাবিতে আন্দোলনরত ১৮ জন কৃষককে গুলি খেতে হয়েছে। কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত সাধারণ জনগণকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনা আছে বলেই, দেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০০৮ সালের আগে নিয়ামতপুর, পোরশা সাপাহারে কোনো রাস্তা এক কিলোমিটারও পাকা ছিল না। শ্রমিকদের মজুরি ছিল ৫০ থেকে ৬০ টাকা। তখন চাল ছিল প্রতি কেজি ৪০ টাকা। একদিনের মজুরি দিয়ে সোয়া কেজি চাল কিনতে পারত শ্রমিকেরা। আর এখন একজন শ্রমিকের মজুরি ৫০০ থেকে ৬০০ টাকা। চাল প্রতি কেজি ৪৫ থেকে ৫০ টাকা।
মন্ত্রী আরও বলেন, আপনারা একটি কথা স্পষ্ট জেনে নিন, আগামী সংসদ নির্বাচন কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না। শেখ হাসিনার অধীনেই হবে নির্বাচন। বর্তমান সরকার দেশে যত উন্নয়ন করেছে আগামী নির্বাচনে দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
নিয়ামতপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব হাসান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।