নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকা থেকে এম এইচ জাকারিয়া নামের এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার থেকে এ ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার বিকালে র্যাব-১১ গ্রেফতারকৃত ভুয়া ডাক্তারকে সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে। র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১র মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সোনারগাঁও থানার কাঁচপুরে ঐ ফিজিওথেরাপি সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে ঐ ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস, এফসিজিপি (এফ-মেডিসিন), পিজিটি (যৌন, এলার্জি), পিজিটি (মেডিসিন ও শিশু), মেডিক্যাল অফিসার, (ভি-নিট), রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও এক্স বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা ও দি স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে আসছিলেন। গ্রেফতারকৃত ভুয়া ডাক্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কালীর সামাদ এলাকার গাউসাল আজমের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় বসবাস করে আসছেন। এ ঘটনায় র্যাব সদস্য কামাল হোসেন মোল্লা সোনারগাঁও থানায় মামলা করেছেন। সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত হেলালউদ্দিন জানান, আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।