অভিনয় শিল্পী সংঘের অভিষেক

ছোটোপর্দার তারকাদের ঝলমলে উপস্থিতিতে আলোকিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি। কথামালা, ফুলেল শুভেচ্ছা, নাচ ও সুরের মূর্ছনার মধ্য দিয়ে অভিনয় শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক হলো। গতকাল শুক্রবার বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের শুরুতেই নির্বাচন কমিশনের সদস্যরা ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত নেতাদের। এরপর মঞ্চে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নতুন কমিটি। অনুষ্ঠানে বিজয়ী নেতাদের পাশাপাশি নাট্যাঙ্গনের সর্বস্তরের শিল্পীরা উপস্থিত ছিলেন। নতুন সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, কতিপয় ব্যক্তি নির্বাচনকে বানচালের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু শিল্পীরা ব্যালটের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করেছেন। সংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। অনুষ্ঠানে পরাজিত প্রার্থীদেরকে ফুল দিয়ে বরণ করেন নতুন সভাপতি শহীদুজ্জামান সেলিম, সহ-সভাপতি আজাদ আবুল কালাম ও তানিয়া আহমেদ। গত ২১ জুন শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় অভিনয় শিল্পী সংঘের দ্বিবার্ষিক নির্বাচন ২০১৯-২০২১। এরপর ২৪ জুন সংগঠনটির নিকেতনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজের কাছে শপথ গ্রহণ করেন বিজয়ী প্রার্থীরা।