মঞ্চে সুবীর নন্দীর ছবি। অনুষ্ঠানে উপস্থিত তার মেয়ে, স্ত্রী ও বন্ধু-শুভার্থীরা। শুধু তিনি নেই। তিনি না থাকলেও গানে গানে স্মরণ করলেন শিল্পীরা। গানে গানে বললেন—তুমি না থেকেও আমাদের হূদয়ে বেঁচে আছ। প্রয়াত শিল্পী সুবীর নন্দীকে গানে গানে স্মরণ করল গানের দল ‘শুদ্ধমঞ্চ’। গতকাল ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের পুরোটাই ছিল সুবীর নন্দীকে উত্সর্গ করা। সুবীর নন্দীর গান গেয়ে শোনালেন শিল্পীরা। ‘চলে গেছ দূরে রয়ে গেছ অফুরান সময়ের কোলে’ শীর্ষক এ অনুষ্ঠান শুরু হয় মঞ্চে সুবীর নন্দীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। সুবীর নন্দীকে নিয়ে আলোচনা করেন—শিল্পী সৈয়দ আবদুল হাদী, সুরকার শেখ সাদী খান, শিল্পী লিনু বিল্লাহ ও শিল্পী রামচন্দ্র দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন—শুদ্ধমঞ্চের সভাপতি ফাতেমা তুজ জোহরা। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মসিউদ্দিন খান সমীর। আলোচনা শেষে শিল্পী স্বরলিপি ও শিল্পী অপু জামান সুবীর নন্দীর গান গেয়ে শোনান।
‘নজরুল সংগীত সংগ্রহে সর্বাত্মক চেষ্টা করা হবে’
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত ১ হাজার ৮০০টি সংগৃহীত নজরুল সংগীতের মধ্যে গুণগতমানের ভিত্তিতে ১ হাজার ২৩৮টি গানের ডিভিডি ও ৫টি স্বরলিপি গ্রন্থ প্রকাশ করা হয়েছে। নজরুলের আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত অবশিষ্ট নজরুল সংগীত সংগ্রহে সর্বাত্মক চেষ্টা গ্রহণ করা হবে। গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন—জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ প্রমুখ।