‘সন্ত্রাসীদের রাজনৈতিক ব্যবহার বাড়িয়েছে খুন-গুম’

সন্ত্রাসীদের রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে দেশের মধ্যে প্রতিনিয়ত বাড়ছে খুনের ঘটনা। এসব সন্ত্রাসীদের দিয়ে যখন ভোটচুরি করা হয়, তখন খুনিরা সাহস পায় অপরাধ করার। তারা বেপরোয়াভাবে হত্যা, খুন, গুম, ছিনতাইসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। গতকাল শুক্রবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত ‘সব গুম-খুন ও হিংস্রতা সৃষ্টিতে রাষ্ট্রীয় উসকানি প্রতিহত করে রিফাত হত্যার প্রতিশোধ নাও’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে এমন বক্তব্য তুলে ধরে রাষ্ট্রচিন্তা নামে একটি সংগঠন।

সংগঠনটির নেতারা বলেন, দেশের মধ্যে একের পর এক খুনের ঘটনা ঘটছে অথচ তার সঠিক কোনো বিচার হচ্ছে না। আজ রিফাতকে খুন হতে হলো, এর আগে বিশ্বজিত্, তনুসহ শত শত খুনের ঘটনা ঘটেছে। এরপর হয়তো আরো খুনের ঘটনা চোখের সামনে আসবে। তারা বলেন, এভাবে খুনের ঘটনা ঘটতে থাকলে মানুষের নিরাপত্তা ফিরবে না। রাষ্ট্র এসব হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে রাষ্ট্রকে বাঁচাতে মানুষ আইন হাতে তুলে নেবে। বিশৃঙ্খলা দেখা দেবে দেশের মধ্যে। তাই সন্ত্রাসীদের বর্জন করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তার কেন্দ্রীয় সদস্য হাসনাত কাইয়ুম, আদিল, আসাদুজ্জামান, ইমরান ইমন প্রমুখ।