অর্থনীতি শিক্ষক সমিতির আলোচনায় ড. বারকাত

কালো টাকা অর্থনীতির মূল স্রোতে আনতে স্থায়ী কমিশন গঠনের প্রস্তাব

প্রস্তাবিত বাজেটে অপ্রদর্শিত অর্থ বৈধ করার যে সুযোগ দেওয়া হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় তাতে খুব বেশি পরিমাণ টাকা অর্থনীতির মূল স্রোতে আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। তিনি বলেন, কালো টাকা অর্থনীতির মূল স্রোতে আনতে রাষ্ট্র কর্তৃক সভরেন গ্যারান্টি (দায়মুক্তির) দিতে হবে। একই সঙ্গে স্থায়ী কমিশন গঠন করতে হবে। গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে ইআরএফ কার্যালয়ে বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি আয়োজিত প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে কালো টাকার পরিমাণ জিডিপির ৪২-৪৩ শতাংশ। টাকার অঙ্কে এর পরিমাণ দাঁড়ায় সাড়ে ১৭ লাখ কোটি টাকা; যা আমাদের বর্তমান ৩টি বাজেটের সমান। তবে পুঞ্জীভূত কালো টাকার পরিমাণ আরো বেশি। এটা ৩০ থেকে ৪০ লাখ কোটি টাকার কম হবে না।    

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতি শিক্ষক সমিতির সভাপতি ড. এম এ জলিল ও সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম, যুব অর্থনীতিবিদ সমিতির সভাপতি বদরুল মুনির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দীন প্রমুখ।