ভারতে চলমান বিশ্বকাপের আজ সেই কাঙ্ক্ষিত দিন। যেটির জন্য সূচি প্রকাশের পর থেকে অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা। আজ গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই খানিকটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি। জানিয়ে দিলেন এই হাইভোল্টেজ খেলায় নিতে নিতে চান স্বাগতিকদের পাঁচ উইকেট।
বর্তমান পাকিস্তান ক্রিকেট দলের তারকা খেলোয়াড়দের মধ্যে অন্যতম এক নাম আফ্রিদি। যেমন গতি তেমনি তার সুইং। তবে চলমান বিশ্বকাপ আসরে নিজেকে তেমন একটা মেলে ধরতে পারছে না তিনি। আসরের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আফ্রিদি ৭ ওভার বল করে ৩৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে দলের সবচেয়ে খরুচে বোলার ভূমিকা রেখেছিল পাকিস্তানি তারকা এই পেসার। ঐদিন ৯ ওভার হাত ঘুরিয়ে ৬৬ রান দিয়ে শেষ দিকে তুলে নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার উইকেট। তবে ভারতের বিপক্ষে নিজেকে ফিরে পেতে চান তিনি।
ভারতেও তার ব্যাপক সমর্থক রয়েছে। বিশ্বকাপ খেলতে দেশটিতে পা রাখার পর থেকেই তার সঙ্গে সেলফি তোলার আবদার করে যাচ্ছে তারা। তবে তিনি এখন পর্যন্ত তাদের আবদার মেটায়নি। গতকালও ম্যাচের আগে অনুশীলন শেষে ভক্তরা তাকে সেলফি তোলার জন্য ঘিরে ধরে। এসময় তিনি জানিয়ে দেন ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পরই ভক্তদের চাহিদা মেটাবেন। বলেন, ‘আমি অবশ্যই সেলফি নেব, কিন্তু সেটা ভারতের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর।’
বরাবরই ভারতের বিপক্ষে ভালো বোলিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন আফ্রিদি। তাই বিশ্বকাপ মঞ্চের এই ম্যাচেও যে তেমনই কিছু একটা করতে চান তিনি তা বলার অপেক্ষা রাখে না। তার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটাররা কেমন পারফরম্যান্স দেখান সেটাই আজ দেখা যাবে। তবে বিগত ম্যাচ গুলো যদি দেখা হয় তাহলে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাই তার মুখোমুখি হয়ে সব থেকে বেশি অস্বস্তি বোধ করেন। তাকে বারবারই সহজে সাজঘরে ফেরানোর রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই পাক তারকা ক্রিকেটার। আজকের ম্যাচেও যে তিনি সেই চেষ্টাই চালাবেন তা আগে থেকেই ধারণা করা যায়। যদিও আহমেদাবাদ ব্যাটিং বান্ধব উইকেট।