লিটনকে আউট করে বোল্টের কীর্তি

২৯তম জন্মদিনে ম্যাচের প্রথম বলেই আউট হওয়ার লজ্জার রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। সব মিলে বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের ৬ষ্ঠ এবং বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ম্যাচের প্রথম বলেই আউট হওয়ার লজ্জায় ডুবেছেন লিটন। মজার বিষয় হলো, ম্যাচের প্রথম বলেই তাকে ‘গোল্ডেন ডাক’-এর লজ্জায় ফেলে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট আবার গড়েছেন অনন্য এক কীর্তি।

নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে ম্যাচের প্রথম বলেই উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি। মজাটা হলো, লিটন যেমন ম্যাচের প্রথম বলে আউট হওয়া বিশ্বের ৬ষ্ঠ ব্যাটসম্যান, তেমনি ট্রেন্ট বোল্টও বিশ্বের ৬ষ্ঠ বোলার হিসেবে প্রথম বলে উইকেট পেলেন! তিনি এছাড়াও বিশ্বকাপে এই কীর্তি গড়েছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস, কানাডার খুররম চৌহান, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, ওয়েস্ট ইন্ডিজের শেল্ডন কটরেল ও অস্ট্রেলিয়ার ক্রেইগ ম্যাকডারমট। 

এদের মধ্যে বোল্টের মতো ভাসও ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়ার কীর্তিটা গড়েছেন বাংলাদেশের বিপক্ষেই। ২০০৩ বিশ্বকাপে ভাস প্রথম বলেই আউট করেছিলেন বাংলাদেশের হান্নান সরকারকে। বিশ্বকাপে প্রথম হলেও এক দিনের ক্রিকেটে বোল্ট এর আগেও দুই বার ম্যাচের প্রথম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।