পশ্চিমাদের উদারপন্থা অচল হয়ে পড়েছে : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দশকের পর দশক ধরে পশ্চিমা গণতন্ত্রের মূল আদর্শ ‘উদারপন্থা’ অচল হয়ে পড়েছে। জাপানে জি-২০ সম্মেলনে আসার আগে ব্রিটিশ দৈনিক ফিনানসিয়াল টাইমকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে পুতিন ইউরোপ ও আমেরিকায় সস্তা জনপ্রিয়তা বিস্তারের প্রশংসা করেন। খবর বিবিসির

নানা সংস্কৃতির এবং জাতি-গোষ্ঠীর মানুষের সহাবস্থানের ভিত্তিতে সমাজ গঠনে পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের নেওয়া নীতি আর টিকবে না উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, উদারপন্থীরা আর তাদের মতবাদ বা ইচ্ছা-অনিচ্ছা অন্যের ওপর চাপিয়ে দিতে পারবে না। পুতিনের মতে, কোনো একটি দেশের সিংহভাগ জনগোষ্ঠীর স্বার্থের সঙ্গে উদারপন্থী আদর্শের বিরোধ দিন দিন বাড়ছে। আঙ্গেলা মার্কেলের হঠাত্ করে জার্মানিতে ১০ লাখ শরণার্থীকে জায়গা দেওয়া সম্পর্কে পুতিন বলেন, এ ধরণের উদারপন্থী নীতির মূল কথা হচ্ছে অভিবাসীরা হত্যা করতে পারে, লুঠপাট করতে পারে ও ধর্ষণ করতে পারে। কিন্তু তারপরও তাদের অধিকারকে সম্মান করতে হবে। কট্টর জাতীয়তাবাদী হিসাবে সমালোচিত হলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক চিন্তা চেতনার প্রশংসা করে পুতিন বলেন, ট্রাম্প একজন প্রতিভাবান যিনি জানেন কীভাবে ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করতে হয়। তবে তিনি যুক্তরাষ্ট্রের একলা চলো নীতির সমালোচনা করেন। পুতিনের মন্তব্যের সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, যারা দাবি করে উদারপন্থী গণতন্ত্র এখন অকার্যকর, তারাই কাল বলবে যে স্বাধীনতা অকেজো, আইনের শাসন অকেজো ও মানবাধিকার অকেজো। আসলে যেটি অকার্যকর তা হলো একনায়কত্ব, ব্যক্তি পূজা এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ধনী হওয়া কিছু লোকের আধিপত্য।