ফ্রান্সে তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে। এতে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চারটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। গতকাল ফ্রান্সের তামপাত্রা ছিল ৪৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা যায় দক্ষিণাঞ্চলীয় শহর গ্যাল্লারগুয়েস-ই মন্টুয়েক্সে। এর আগে ২০০৩ সালে ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাজারের বেশি নাগরিক মারা গিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী অ্যাগসেন বুজিন বলেছেন, প্রত্যেকেই হুমকির মুখে আছেন। মৃতদের পরিচয় জানা যায়নি। তবে আরো মারা যেতে পারে বলে আশংকা করা হচ্ছে। এদিকে দুষণরোধে প্যারিসে ৬০ ভাগ গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তুলনামূলকভাবে পুরানো গাড়ির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার। এই নিষেধাজ্ঞা জারি হয়েছে প্যারিসসহ আরও ৭৯ শহরের উপর। যতদিন না তীব্র গরম কমছে, ততদিন জারি থাকবে নিষেধাজ্ঞা। ফ্রান্স ছাড়াও সুইজারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি ও পোল্যান্ডে তাপমাত্রা বাড়ছে। -বিবিসি