ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

আসর শুরুর ‘৯’ দিন পর মাঠে বিশ্বকাপ আমেজ!

ভারতে ওয়ানডে বিশ্বকাপ বসেছে গত ৫ অক্টোবর। এরপর গতকালকের আগে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল ১১টি ম্যাচও। তবে এসময় কোনো অংশ থেকেই মনে হচ্ছিল না বিশ্বকাপের মতো এত বড় একটি আসর আয়োজিত হচ্ছে। কেনই বা মনে হবে? আসর শুরুর আগে হয়নি কোনো উদ্বোধনী অনুষ্ঠান, মাঠে খেলা চলাকালীন স্টেডিয়ামের গ্যালারি থাকত ফাঁকা। ৯ দিন কেটেছে এই পরিস্থিতিতেই। এতে বেশ আলোচনার জন্ম দিয়েছিল সমর্থকদের মধ্যে। অবশেষে মাঠে ফিরেছে দর্শকরা, হয়েছে অনুষ্ঠানও।

গতকাল গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি। যেখানে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আর এ ম্যাচের আগে মাঠে বসে তারকাদের মেলা। গান গেয়ে দর্শকদের মাতান বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুনিধি চৌহান ও দর্শন রাওয়ালরা। সব মিলিয়ে এদিন গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। যা দেখে চলমান আসরের এবারই প্রথমবারের মতো মনে হয়েছে বিশ্বকাপ চলছে।

দর্শক ধারণক্ষমতার হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম বলা যায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামকে। এ স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১ লাখ ৩৪ হাজার। আর শনিবার এর পুরোটাই ছিল ভরা। যেখানেই চোখ পড়েছে সব খানেই মানুষ নজরে এসেছে। যদিও ম্যাচের শুরুতে কিছু আসন ফাঁকা ছিল তবে সে সময়ও হিসেব করলে ১ লাখেরও বেশি ছিল মানুষ। পরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভরেছে আসন।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সূচি প্রকাশের পর থেকেই ছিল উন্মাদনা। যখন এ ম্যাচের টিকিট প্রথম ধাপে অনলাইনে ছাড়া হয় সেসময় আধ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। পরে আরও দুটি ধাপে টিকিট বিক্রি করা হয়। সেগুলো বিক্রি হয়ে গিয়েছে বলেই জানানো হয়। এরপর অতিরিক্ত আরও কিছু টিকিট ও ছাড়া হয়। দর্শকদের এমন চাহিদা দেখে আগেই ধারণা করা হচ্ছিল যে, বিশ্বকাপে যতটাই সাদামাটা দেখাক না কেন। এই ম্যাচটি দিয়ে রঙ ফিরবে আসরের। আর তেমনটি হলো। এখন দেখবার বিষয় পরবর্তী ম্যাচগুলোতে দর্শকরা এমন ভাবে মাঠে আসে কি না।