এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। ম্যাচ শেষে বিরাট কোহলির কাছে থেকে জার্সি নিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। আর সেটি দেখেই ক্ষিপ্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সুইং অব সুলতান ওয়াসিম আকরাম।
শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের দেয়া ১৯২ রানের টার্গেট ১১৭ বল আর ৭ উইকেট হাতে রেখে টপকে যায়। এতে করে তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর কোহলির স্বাক্ষর করা জার্সি নেন বাবর আজম। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খেলাধুলা বিষয়ক টিভি চ্যানেল এ স্পোর্টসের একজন বিশেষজ্ঞ ওয়াসিম। সেখানে বিশ্বকাপ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান 'প্যাভিলিয়নে' একজন পাকিস্তানি সমর্থক বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। উত্তরে ওয়াসিম বলেন, 'এটি ব্যক্তিগত বিষয় হওয়া উচিত ছিল এবং খোলা মাঠে এটি করা উচিত হয়নি। তার যদি শার্ট নিতেই হতো তবে সেটি গোপনে বা ড্রেসিংরুমে নিতে পারত।'
অনুষ্ঠানে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে আরও উন্নতি করার পরামর্শও দেন ওয়াসিম। তিনি বলেন, 'পাকিস্তানের মিডল অর্ডার খুবই বাজে। তারা যেন স্পিন বল খেলতেই জানে না। ভারতীয় বোলারদের কাছ থেকে আমাদের শেখা উচিত, বুমরাহ দারুণ।'