বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পুনেতে অবস্থান করেছে বাংলাদেশ দল। মাঠে নামার আগে আগে সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে ওপেনার ব্যাটার লিটন দাস। যদিও আজ তিনি ফেসবুক স্ট্যাটাসে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন। এবার এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, লিটনের বিষয়টি অপ্রত্যাশিত।
সোমবার (১৬ অক্টোবর) খালেদ মাহমুদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে লিটনের প্রসঙ্গ চলে আছে। এ সময় তিনি বলেন, লিটনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। বিসিবিও বিষয়টি ভালোভাবে নেয়নি।
সুজন আরও বলেন, 'আমরা দুঃখিত। আমাদের সবার কাছেই এটা অপ্রত্যাশিত। এরকম লিটন কিভাবে বললো! লিটনের সঙ্গে আজকে সকালেও কথা বলেছি আমি।'
তিনি আরও বলেন, 'সে বলেছে আমি কোনোভাবে কাউকে ছোট করতে চাইনি। আসলে আমার ভুল হয়েছে, আমি অস্বস্তিতে ছিলাম, ক্যামেরা মুখের সামনে নিয়ে আসছে বারবার।'