লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

লক্ষ্মীপুরে রায়পুরে আওয়ামী লীগ নেতা মনির হোসেন মোল্লার বিরুদ্ধে সরকারি জমি দখল করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়িনের আওয়ামী লীগ সভাপতি।

রোববার (১৫ অক্টোবর) রাতে আদালতের নির্দেশে রায়পুর থানায় অটোরিকশাচালক রতন বাদী হয়ে এ মামলা করেন। বাদী রতন একই ইউনিয়নের চরগাছিয়া গ্রামের মৃত সামছুল হোক কবিরাজের ছেলে।

জানা যায়, ২০১৬ সালের চার সেপ্টেম্বর ভূমিহীন রতন ও তার স্ত্রী রিনা বেগমকে চরকগাছিয়া মৌজায় ৬০ শতাংশ জমি বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু ওই জমি মনির হোসেন জোরপূর্বক দখলে রাখে। জমি বুঝে পেতে রতন মনির হোসেনের কাছে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেয়। সেইসঙ্গে জমি বুঝে পেতে হলে ২ লাখ টাকা চাঁদাও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা। গত ১৯ জুলাই দুপুরে রতনের ছেলে শরিফ হোসেন কবিরাজ রিকশায় যাত্রী নিয়ে স্থানীয় মোল্লারহাট বাজারে গেলে সেখানেই মনির ও তার সহযোগী মহিন অটোরিকশা ছিনিয়ে নেয়। এ সময় বাদীর ছেলেকে মারধর ও রিকশা ভাঙচুর করে। ঘটনাটি জানতে পেরে বাদী রতন দেখা করতে এলে তাকেও হাত পা বেঁধে নির্যাতন ও তার কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে নিরুপায় হয়ে ৪০ হাজার টাকা দিয়ে রতন তাদের হাত থেকে ছাড়া পায়।

অভিযুক্ত মনির হোসেন মোল্লা বলেন, আমার বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা মামলা করা হয়েছে। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলন, অটোরিকশাচালক রতন কবিরাজের অভিযোগের ভিত্তিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতের নির্দেশে এ মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।