'সাকিব খেলল কী খেলল না, তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই'

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে টানা দুই ম্যাচ হেরে স্বস্তিতে নেই টাইগাররা। এর মাঝে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেই বাঁ পায়ের পেশিতে টান পড়েছিল সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে খেলা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে সাকিবের খেলা নিয়ে  ভারতের বোলিং কোচের নেই কোন মাথা ব্যাথা। 

বুধবার (১৮ অক্টোবর) ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে। তাকে সাকিবের খেলা নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি বলেন, 'সাকিবকে নিয়ে আমাদের কোনো কথা হয়নি। সে অবশ্যই ভালো খেলোয়াড়, সে বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, ভালো ব্যাটার এবং বোলার। কিন্তু, আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা কি করতে পারি এটাই সবচেয়ে বড় বিষয়। সাকিব আমাদের বিপক্ষে খেলল কী খেলল না সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।'

ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।

টাইগার পেসার তাসকিন আহমেদের প্রশংসা করেছেন পরশ। তিনি বলেন, 'সত্যি বলতে, তাসকিন শেষ কয়েক বছরে খুবই ভালো করছে। আমার মনে হয়, সে বিশ্বের অন্যতম সেরা পেসার। সে বিভিন্ন কন্ডিশনে ভালো করেছে, বিশেষ করে বাংলাদেশে যেখানে পেসারদের জন্য সহায়ক উইকেট থাকে না। আপনি যখন, আন্তর্জাতিক টুর্নামেন্টের স্কোয়াডের অংশ হবেন, তখন অবশ্যই পারফর্ম করতে হবে। তাদের দুই স্পিনার মেহেদী আছে, সব মিলিয়ে বোলিং আক্রমণ ভালো।'