পাহাড়ে জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে কৃষক খুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে ঘটনাস্থলেই ফরিদুল আলম (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার দোছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাগল খাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক স্থানীয় ছাগল খাইয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

জানা গেছে, মোহাম্মদ আলমের পরিবারের সঙ্গে নিহত ফরিদুল আলমের পরিবারের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত চারদিন আগে বিষয়টি স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে সমাধান করে দেওেয়া হলেও বিকালে তাদের মধ্যে গরু ও ছাগলের বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোহাম্মদ আলমের নেতৃত্বে হামলা করা হলে ফরিদুল আলম ঘটনাস্থলে মারা যান।

দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ইমরান জানান, অভিযুক্ত মো. আলম পালানোর সময় স্থানীয় লোকজন আটক করে। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় নিহত ফরিদ আলমের স্ত্রী ফাতেমা বেগমের হাতে দায়ের কোপ লাগে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি টান্টু সাহা জানান, পরিস্থিত স্বাভাবিক করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীকে আটক করে বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।