ঝড় ও শিলাবৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাকা আমন ধান, ভুট্টা, মরিচের ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন এক রাতের ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও ১০ হেক্টর মরিচসহ বিভিন্ন সবজিক্ষেতের ক্ষতি হয়েছে।
কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার বালিজুড়ি, গুনারীতলা, চরপাকেরদহ, জোড়খালী ইউনিয়নের বিভিন্নস্থানে পাকা আমন ধান, ভুট্টা, মরিচ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে কয়েকশ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।
বালিজুড়ি ইউনিয়নের কৃষক রাসেল মিয়া জানান, চরাঞ্চলে খানসহ মরিচ ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয়। সকালে উঠে দেখি পাকাধানগুলো মাটির সঙ্গে মিশে গেছে, তেমনি মরিচ গাছ বাতাসে উপড়ে পড়ে নষ্ট হয়ে গেছে।
গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ মালি পাড়ার বহু কৃষকের স্বপ্নের ভুট্টা ফসল বিনষ্ট হয়ে গেছে।
ওই এলাকার ভুট্টাচাষি সবুজ জানান, তারসহ ওই এলাকার ৪০/৫০ জন কৃষকের জমির ভুট্টার বড় বড় গাছ ঝড়ো বাতাসে ভেঙে গিয়ে মাটিতে পড়ে আছে। অনেক কষ্ট করে উচ্চ মূল্যের সার, কীটনাশক, ডিজেল কিনে কৃষকরা ফসল ফলিয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ফসল হারিয়েছে।
চাঁদপুর গ্রামের কৃষক দেলোয়ার জানান, হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা আমন ধানসহ মরিচ, ভুট্টা ফসলের ক্ষতি হয়েছে কৃষকরা তা পুষিয়ে উঠতে পারবে না।
মাদারগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় ও শিলা বৃষ্টিতে ৩০ হেক্টর অমন ধান, ৫ হেক্টর ভুট্টা ও১০ হেক্টর মরিচসহ সবজির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
