সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, ২০০৪ সালে কাতারের বাদশাহ জিয়াউর রহমানের নামে বগুড়ায় একটি মাদ্রাসা নির্মাণের টাকা দিলেও আজ পর্যন্ত সেই মাদ্রাসা নির্মাণ হয়নি, পরবর্তীতে সেই টাকাও পাওয়া যায়নি। এটা কি টাকা চুরি না? এর জন্য তার (খালেদা জিয়ার) ১০ বছরের জেল হয়েছে, সে নির্বাচন করতে পারবে না। নির্বাচন করার মতো তাদের কোনো নেতা নেই, তাদের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্য কোনো লোকও নেই। নৌকার হাল না ধরলে কি নৌকা ঠিক পথে পৌছাবে? ওদের মাঝি ঠিক নাই। সুতরাং তাদের হালও ঠিক নাই, নৌকা ধাক্কা খাবে পাড়ে গিয়ে কখনও গন্তব্যে পৌছাতে পারবে না।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজারে উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর আয়োজিত উন্নয়ন চিত্র প্রদর্শনী, নবনির্মিত চারটি প্রকল্পের উদ্বোধন ও ১০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি প্রথমে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়, এতে যখন কাজ হয় না তখন ৪৮ ঘণ্টা করা হয়, তাতেও কাজ না হলে তখন ৭২ ঘষ্টার আল্টিমেটাম দেয়। যখন দেখে তাতেও কাজ হচ্ছে না যখন তারা বিভিন্ন অজুহাতে আন্দোলনে ছুটি নেয়। একবার যে আন্দোলন ঠাণ্ডা হয় সেই আন্দোলন আর গরম করা যায় না। ১০দিন পর পর কর্মসূচি দিবেন, আবার নাকি সরকারকে ধাক্কা দিবেন, সরকার কি সেই দুর্বল সরকার পাইছেন? জনগণ আওয়ামী লীগ সরকারের সঙ্গে আছে, ইচ্ছা করলেও এই সরকারকে হটানো যাবে না। বিএনপি আর যাই করুক আন্দোলনে সফল হতে পারবে না। তারা কি বলে, সরকারের পদত্যাগ করতে হবে। আরে মামাবাড়ির আবদারও কিন্তু মানুষ এভাবে করে না। মিউ মিউ করে বলে সংসদ ভেঙে দিতে হবে, আবার নাকি বলে তারপর নির্বাচন কমিশন পরিবর্তন করতে হবে। আপনাদের যে জনসমর্থন, তাতে আপনাদের নাকে খদ দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও নির্বাচনে আসতে হবে।
সরকারের উন্নয়ন প্রসঙ্গে হাবিবে মিল্লাত বলেন, সিরাজগঞ্জের ৯টি উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ছিলো কামারখন্দ। লোকে বলতো যার কপাল মন্দ তার বাড়ি কামারখন্দ, সেই কামারখন্দকে জননেত্রী শেখ হাসিনা উন্নত কামারখন্দে রূপান্তরিত করেছেন। আগে কামারখন্দের দু’একটি বাড়িতে টিপ টিপ করে বাতি জ্বলতো আর এখন এ উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার উপহার মডেল মসজিদের কাজ শেষ পর্যায়ে। কামারখন্দের চিত্র পাল্টে দিয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকার, নৌকা মার্কার সরকার। উন্নয়নে এ ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজাসহ আরও অনেকে বক্তব্য রাখেন। উন্নয়ন সভায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় শত শত জনগণ অংশ নেয়।